প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের ধরতে কোটি ডলার পুরস্কার ঘোষণা
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ দেশটির সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সম্পর্কে তথ্যের জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুসারে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর সঙ্গে যুক্ত ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর তৈরি এই সামরিক বাহিনী সর্বোচ্চ নেতার প্রতি অনুগত এবং শিয়া ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করার দায়িত্বে নিয়োজিত রয়েছে। খবর রয়টার্সের।
আরব নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়,গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, প্রকল্পটি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস পরিচালনা করে থাকে বলে জানা গেছে।
এদিন রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এই ব্যক্তিরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন, যারা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন।
এছাড়া ওই বিবৃতিতে আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা অনুরূপ একটি পুরস্কারের বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যোগ করেছে, এই নেতাদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে তথ্য দিলে তথ্যদানকারী পুনর্বাসনের সুযোগ পাবেন এবং আর্থিক পুরস্কারও পেতে পারেন।
Copyright © 2026 All rights reserved.